হুথিদের হামলা মোকাবিলায় ইসরাইলের সঙ্গে গোপনে আলোচনা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে সৌদি আরব। মার্কিন সেন্টকমের মধ্যস্থতায় এই যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।
আঞ্চলিক কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মূলত গোয়েন্দা সহায়তা পাওয়ার উদ্দেশ্যেই ইসরাইলের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদ। সম্প্রতি সৌদি আরবের তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনে হুথিদের ড্রোন হামলার পর এ উদ্যোগ জোরালো হয়েছে।
এ ছাড়া ইয়েমেন সীমান্তের কাছে একটি মসজিদের ভেতরে থাকা সৌদি বেসামরিক নাগরিকদের ওপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে হুথিদের বিরুদ্ধে। লোহিত সাগরের কয়েকটি কৌশলগত দ্বীপ নিয়ন্ত্রণে নিয়ে সৌদি জাহাজ চলাচলে বাধা তৈরির চেষ্টাও করছে তারা।
এ পরিস্থিতিতে হুথিদের সামরিক অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য পেতে ইসরাইলের গোয়েন্দা সহায়তা চাইছে সৌদি আরব। এর আগে হরমুজ প্রণালির আশপাশে ইরানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ ও সামুদ্রিক নিরাপত্তায় ইসরাইলের উন্নত গোয়েন্দা সক্ষমতা দেখা গেছে।
হুথিদের মোকাবিলায় যুক্তরাজ্যের কাছেও সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। এ সহায়তার অংশ হিসেবে ব্রিটিশ সামরিক উপদেষ্টারা সৌদিতে কাজ করতে পারেন বলে জানা গেছে।
এদিকে সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার অনুমতি দেওয়ার বিষয়ে ইসরাইলের নিরাপত্তা মহলে উদ্বেগ রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি ইসরাইলের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টির সঙ্গে যুক্ত।
তবে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয় সৌদি আরব। এর মধ্যেও অভিন্ন নিরাপত্তা হুমকির কারণে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়তে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।
সূত্র: জেরুজালেম পোস্ট
এসএস




Comments