Image description

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি সেলুনে ঢুকে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেলুনে চুল কাটাচ্ছিলেন ফরহাদ। এ সময় কয়েকজন সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র নিয়ে ফরহাদকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ৭ মিনিটের দিকে তিনজন সেলুনে ঢোকে। একজন পিস্তল বের করে গুলি চালালে ভয়ে সেলুনে থাকা অন্যরা বাইরে বেরিয়ে যান। এরপর অপর দুজন চাপাতি নিয়ে ফরহাদের দিকে এগিয়ে যায়। ফরহাদ পালানোর চেষ্টা করলেও একজন তার লুঙ্গি ধরে ফেলেন। পরে আরেকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

ফরহাদের বন্ধু ও স্বজনদের দাবি, মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন তিনি। সেখানে কয়েকজন কিশোর গ্যাং সদস্য তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের সঙ্গে ফরহাদের বিরোধ তৈরি হয়।

তবে পুলিশ জানিয়েছে, ফরহাদ নিজেও মোহাম্মদপুরের ‘পাটালি গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় জড়িত দুই পক্ষই মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এসএস