ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেলসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ তিনি নিজেও শুনেছেন। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সড়কে ঘটেছে এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি।
ঢাবির প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কাউকে ওই পথে যেতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে।
তিনি আরও জানান, টিএসসির পাশে মেট্রোরেলসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সেখানে মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল ছুড়ে দ্রুত চলে গেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।
এদিকে, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এসএস




Comments