Image description

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। মঙ্গলবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছিলেন।

সোমবার রাতে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ বাংলাদেশিকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

ফেরত আসা বেশির ভাগ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানব পাচারকারীদের প্রলোভনে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা তৈরিতে লিবিয়ায় তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য প্রত্যাবাসিতদের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ করছে।

এসএস