ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের বাসায় গিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান বাঁধন নিজেই।
বাঁধন লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর ও পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে এবং একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তাঁর আস্থা আরও দৃঢ় করেছে।
ইতালিতে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন।
প্রসঙ্গত, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ৮৩তম ভেনিস উৎসবে ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করে। উৎসব চলাকালে একটি পার্কে হামলা ও শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন এই অভিনেত্রী।
এসএস




Comments