Image description

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ জানান, কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তার বোন। সন্ধ্যায় তিনি দুর্ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পান।

এদিকে স্থানীয় এক ব্যবসায়ী মো. মূসা জানান, তাসপিয়া তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। আগামীকাল তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

এসএস