Image description

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার সময় এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। তিনি সৌদি আরবে বসবাস করতেন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফ লক্ষ্য করে একটি ড্রোন উৎক্ষেপণ করে। সেটি প্রতিহত করার সময় ওই ব্যক্তি নিহত হন। আহত দুজনের পরিচয় ও তাদের আঘাতের মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা জোরদারের পর দেশটিতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। সৌদি কর্তৃপক্ষও নিয়মিত এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে।

এদিকে, হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে রিয়াদ।

এসএস