সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দাপ্তরিক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।
তিনি জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরার সময় এক পর্যটকের বাস থামিয়ে হেনস্তা ও অযথা জিজ্ঞাসাবাদের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
দীপক জ্যোতি খীসা বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর অধিকার পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা নেওয়া বা কাউকে অযথা হয়রানি করা অপরাধ।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী সিলেটে চোরাচালান প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এর কারণে সাধারণ পর্যটকরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
এসএস




Comments