পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো—‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চীনা যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হতে পারে।
শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
এসএস




Comments