২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির এক সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিষয়টি জানান ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৯ মার্চ ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মার্চ।
ভর্তি আবেদনের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। এবারও আগের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে। পাশাপাশি আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক।
তবে নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর নির্ভর করছে।
গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছে যুক্ত হওয়ার অপেক্ষায় তিন বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ইউজিসির অনুমোদন পাওয়া গেলে এসব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে।
এসএস




Comments