Image description

সংবিধান সংস্কারে বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, নির্বাচনের মাত্র ছয় মাসের মধ্যে জনগণকে দেওয়া ওয়াদা থেকে সরে গেলে দেশে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘জাতিকে ওয়াদা ভঙ্গ করে এখন দেশ যেভাবে চলছে, তাতে দারুণ সংকট তৈরি হবে। তখন কিছু করার পথ রুদ্ধ হয়ে যাবে।’

এ পরিস্থিতি এড়াতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে সংবিধান সংস্কার মেনে নেওয়ারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, তেল-গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় জোট। এর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হবে। সংসদের সামনে জমায়েত শেষে সকাল ৮টায় মূল যাত্রা শুরু হবে।

পথে সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বিকেল ৪টায় বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং বিকেল সাড়ে ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা হবে। সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে কেউ যেন বাধা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করেন। লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে হবে। জনগণের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত এবং ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসএস