Image description

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোনো জায়গায় অনির্বাচিত কাউকে দিয়ে দেশ শাসন করতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় প্রশাসক বসিয়ে আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ টাঙ্গাইল অতিক্রমকালে নগর জলফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ৮ দফা দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা যেসব কার্ড দিচ্ছেন, জাতি এই কার্ড চায় না। এই কার্ড আপনারা দিতে চেয়েছেন। জাতি যা চেয়েছিল, তা আপনারা দিতে পারছেন না। আপনারা ব্যর্থ হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে। আমাদের ৬ দফা থেকে ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সকল দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণার প্রয়োজন হতে পারে।’ তাঁর এই বক্তব্যের অনুরূপ অংশ শনিবারের লং মার্চের অন্যান্য পথসভাতেও প্রকাশিত হয়েছে।

জামায়াতের আমির বলেন, ‘আজকের লং মার্চ ঢাকা থেকে এখানে এসেছে, আগামীর লং মার্চ এখান থেকে ঢাকার দিকে।’ পথসভা শেষে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, লং মার্চকে ঘিরে সকাল থেকেই টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা ও কর্মসূচিকে কেন্দ্র করে বাড়তি ব্যস্ততা তৈরি হয়।

এসএ