Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচিকে দেশের অর্থনৈতিক ক্ষতি হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে জামায়াতের এই পদক্ষেপকে রাজনীতিতে ‘দ্বিমুখী আচরণ’ বলেও অভিহিত করেছেন তিনি।

সম্প্রতি এক সমাবেশে চরমোনাই পীর বলেন, "রাস্তায় নেমে লংমার্চ করে তারা তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানায়। অথচ সংসদ অধিবেশনে উঠে তারাই আবার বলে—এই তেল-গ্যাস সংক্রান্ত সমস্যা নাকি বর্তমান সরকারের আমলে তৈরি হয়নি, আগের সরকারের কারণে হয়েছে।"

জামায়াতের কর্মসূচির কারণে রাষ্ট্রের বিপুল আর্থিক লোকসান হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, "রাস্তায় নেমে জনগণকে ধোঁকা দিয়ে লাখ লাখ টাকার তেল-গ্যাস পুড়িয়ে আপনারা তো দিনশেষে বাংলাদেশের ক্ষতিই করলেন।"

রাজনীতিতে দলটির অবস্থান ও নীতি নিয়ে প্রশ্ন তুলে চরমোনাই পীর যোগ করেন, "আপনারা রাজপথে এক ধরনের বক্তব্য দেন, আবার জাতীয় সংসদে গিয়ে আরেক ধরনের সুর তোলেন—এটা স্পষ্ট দ্বিমুখী আচরণ। বাংলাদেশের সাধারণ মানুষ আর কখনোই আপনাদের মতো দ্বিমুখী নীতি অবলম্বনকারীদের এই দেশের পরিচালক হিসেবে দেখতে চায় না।"

ডিআর