জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে বাংলায় ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিস্তারিত কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি তুলে ধরে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব জানান, ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে নিউইয়র্কে পৌঁছানোর পর ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিন সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে বিশ্বনেতাদের স্বাগত প্রাতঃরাশে যোগ দেওয়ার পর তিনি অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিভিন্ন মানবিক ও দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেন আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখার পাশাপাশি বিকেলে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।
২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, রোহিঙ্গা সংকট, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব জোরদার করার দিকগুলো প্রাধান্য পাবে। এছাড়া একই দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি সম্পর্কিত বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্য রাখবেন তিনি।
সফরকালে বাংলাদেশের অর্থায়নে ও আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের দৃশ্যমান হস্তক্ষেপ আহ্বান করা হবে। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং প্রশিক্ষিত ধাত্রীসেবা বিষয়ক আন্তর্জাতিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন তিনি।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বিশ্বমঞ্চে এটিই প্রথম প্রতিনিধিত্ব। একই সঙ্গে একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করবেন, যা জাতির জন্য এক বিরল গৌরব ও মর্যাদার ইতিহাস।"
সমস্ত দাপ্তরিক কর্মসূচি ও আন্তর্জাতিক বৈঠক শেষ করে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ডিআর




Comments