Image description

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এমপি হোস্টেল থেকে গাজী নজরুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়। একই সময় তার ফ্ল্যাট থেকে প্রথম স্ত্রী মাকসুদা খানমকেও হেফাজতে নেয় পুলিশ।

রোববার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তদন্তের পর তা জানা যাবে।

পুলিশ সূত্র জানায়, মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যা হয়ে থাকলে কেউ তাকে প্ররোচনা দিয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে কাজ করছেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, নৈতিক স্খলনের দায়ে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএস