Image description

ইত্তিহাদ স্টেডিয়ামে গোলের বন্যা বইয়ে গেছে। রোমাঞ্চে ভরা আট গোলের ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের ব্রায়ান ব্রোবি হ্যাটট্রিক করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে সিটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। নবম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। তবে তিন মিনিট পরই ব্রোবির গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড।

এরপর সান্ডারল্যান্ডের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে সিটিকে আবারও এগিয়ে দেন রায়ান শেরকি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ব্রোবি। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে আন্তোনি সেমেনিওর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করে সিটির ব্যবধান ৪-২ করেন সেমেনিও। তবে এরপরও লড়াই চালিয়ে যায় সান্ডারল্যান্ড। সিটির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রোবি।

সমতা ফেরানোর সুযোগও পেয়েছিল সফরকারীরা। তবে রুবেন দিয়াস গোললাইন থেকে শট ক্লিয়ার করে সিটিকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ম্যাচের ৮১ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ইয়োশকো গাভারদিওলের ক্রস থেকে সহজ ট্যাপে গোল করে স্কোরলাইন ৫-৩ করেন নরওয়ের এই ফরোয়ার্ড।

এসএস