ফুটবল মাঠের বাইরে মানবিক কর্মকাণ্ডেও প্রশংসিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’র প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা অনুদান দিয়েছেন মেসি।
বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মাণাধীন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার বিভিন্ন সেবা একই জায়গায় এনে সমন্বিত চিকিৎসা দেওয়াই প্রকল্পটির মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্য নিয়ে মেসির মানবিক উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। তার ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা করা হয়েছে।
এ ছাড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে কাজ করছেন মেসি। ফুটবলের বাইরেও তার এসব উদ্যোগ বিশ্বজুড়ে শিশুদের জন্য নানা মানবিক কর্মকাণ্ডে সহায়তা করে আসছে।
এসএস




Comments