Image description

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে ইরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক বক্তব্যের জবাব দেন।

পেজেশকিয়ান বলেন, ইরান কোনো সন্ত্রাসী রাষ্ট্র নয়; বরং দেশটি নিজেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার। সম্মানের সঙ্গে আচরণ করা হলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত। তবে হুমকি বা শক্তি প্রয়োগ করে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়।

এর আগে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এর জবাবে পেজেশকিয়ান বলেন, অন্য দেশের ওপর অপ্রয়োজনীয় বোমা হামলা চালানো এবং নিরপরাধ মানুষ হত্যা করাই সন্ত্রাসবাদের উদাহরণ।

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও গত সাত মাস ধরে ইরানের জনগণ নিজেদের দেশ রক্ষায় দৃঢ় রয়েছে।

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ কখনো পারমাণবিক বোমা বা গণবিধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টা করেনি। তবে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসাসহ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরান ছাড়বে না।

তিনি আরও বলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার পরও দেশটি জবাবদিহির বাইরে থাকলেও ইরানের ওপর কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিরও সমালোচনা করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগের পরও পরিস্থিতি আবার সংঘাতের দিকে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক চাপের জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান নেয় বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি।