১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত মেধাতালিকায় সিয়াম প্রথম স্থান অর্জন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ফারদিন আব্দুল্লাহ।
দেশসেরা হওয়ার অনুভূতি জানিয়ে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’
আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।’
তিনি শিক্ষার্থীদের নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
সিয়ামের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে—এটা অবশ্যই আমার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
এসএ




Comments