আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে উয়েফা নেশন্স লিগে জয়ে অভিযান শুরু করেছে নরওয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী ডেনমার্ককে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে তারা। এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর ডেনমার্কের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখল নরওয়েজিয়ানরা।
ঘরের মাঠ ওসলোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তবে গোলের প্রথম সুযোগটি তৈরি করেছিল ডেনমার্ক। ম্যাচের শুরুতেই ডেনিশ ফরোয়ার্ড প্যাট্রিক ডরগুর নেওয়া জোরালো শট দক্ষতার সাথে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ালান্ড।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাসের অপেক্ষা করে অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নেন অস্কার বব। এরপর চমৎকার বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি (১-০)।
এর ঠিক চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। গোলরক্ষক নিয়ালান্ডের লম্বা পাস ধরে বক্সে ঢুকেন হালান্ড। পরবর্তীতে আন্তোনিও নুসার বাড়ানো চমৎকার থ্রু বল পেয়ে ডেনমার্কের গোলরক্ষক ফিলিপ ইয়র্গেনসেনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি (২-০)।
দুই গোলে পিছিয়ে পড়ে দ্রুতই ম্যাচে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। ৩৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নরওয়ের গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে ব্যবধান কমান মিকেল ডামসগার্ড (২-১)।
বিরতির পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে সফরকারীরা। একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণভাগকে তীব্র চাপে ফেলে তারা। ম্যাচের ৬০ মিনিটে কাঙ্ক্ষিত সমতার দেখা পায় ডেনমার্ক। ডরগুর কর্নার থেকে মর্টেন হিউলমান্ডের হেড নরওয়ের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন রাশমুস হজলান্ড (২-২)। এরপরও ডেনমার্কের আক্রমণ অব্যাহত থাকে এবং হজলান্ডের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।
তবে ম্যাচের ৭৪ মিনিটে আবারও নরওয়েকে লিড এনে দেন হালান্ড। স্বল্প দূরত্বের কর্নার থেকে ওডেগার্ডের বাড়ানো পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন এই তারকা ফরোয়ার্ড (৩-২)।
ম্যাচের অতিরিক্ত সময়েও চরম নাটকীয়তা সৃষ্টি হয়। প্যাট্রিক ডরগুকে ফাউল করে আগেই হলুদ কার্ড পাওয়া নরওয়ের ডেভিড উলফ ৯৪ মিনিটে গুস্তাভ ইসাকসেনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।
এ স্মরণীয় জয়ে ঘরের মাঠে নরওয়ের টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রইল। ২০২৪ সালের মার্চের পর থেকে নিজেদের মাঠে হারের মুখ দেখেনি তারা। অন্যদিকে নেশন্স লিগে প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচ ধরে জয়হীন থাকার হতাশাজনক রেকর্ড বহাল রইল ডেনমার্কের।
ডিআর




Comments