জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের পাশে তাঁর ব্যবহৃত জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামে এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন।
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, “আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়ে তাঁর ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়ে ছিল।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments