Image description

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, মমিনুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। শুক্রবার সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তাঁর সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম মারা যান।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, মমিনুল ইসলাম সিএনজির ভেতরে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ