Image description

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ পাঁচ দিন ধরে অসহায় অবস্থায় ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আটজন জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। মাছ ধরা অবস্থায় হঠাৎ বোটটির প্রধান ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। বহু চেষ্টা সত্ত্বেও ইঞ্জিন চালু করতে না পারায় সমুদ্রে ভাসতে শুরু করে বোটটি। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তারা কারো সাথে যোগাযোগও করতে পারছিলেন না।

টানা পাঁচ দিন সমুদ্রে নিয়ন্ত্রণহীনভাবে ভাসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি হঠাৎ মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। সে সময় বোটে থাকা এক জেলে দ্রত মুঠোফোনে বোটের মালিকের সাথে যোগাযোগ করে তাদের চরম বিপদের কথা জানান। বিষয়টি জানার পরপরই বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনে জরুরি সহায়তার আবেদন জানান।

উদ্ধার বার্তা পাওয়ার সাথে সাথে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে বিশেষ উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলটি দিকনির্ণয় ব্যবস্থার মাধ্যমে গভীর সমুদ্রে নিখোঁজ বোটটির অবস্থান শনাক্ত করে এবং ট্রলারে থাকা আটজন জেলেকেই অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, "উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাদ্য-পানীয় সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে ফিশিং বোট ও জেলেদের তাদের নিজ নিজ মালিকপক্ষের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।"

ডিআর