Image description

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে টানা সাত দিনের দীর্ঘ ছুটি কাটানোর এক বিশেষ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির বিন্যাস ও ঐচ্ছিক ছুটির নিয়ম কাজে লাগিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি উপভোগ করতে পারবেন।

সরকারি ছুটির বিদ্যমান তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর (মঙ্গলবার)। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে নির্ধারিত সাধারণ ছুটি। অর্থাৎ, শারদীয় দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে টানা দুই দিন।

তবে নিয়ম অনুযায়ী সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে বাড়তি দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ। আগামী ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে তাঁরা এই ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের দুই দিনের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি যুক্ত হয়ে শুরুতেই টানা চার দিনের ছুটি নিশ্চিত হচ্ছে। পরবর্তীতে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা সংসংস্থাগত ছুটি গ্রহণ করলে তার সঙ্গে যুক্ত হবে ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

ফলশ্রুত, ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন কর্মক্ষেত্র থেকে ছুটি কাটানোর এক সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের সামনে।

ডিআর