একই দিনে কুবি ও চবির ভর্তি পরীক্ষা: চরম বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সূচিতে একই দিনে সমজাতীয় ইউনিটের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি দুই বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়া নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে কুমিল্লা ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও কেন্দ্র রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষাও একই দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরীক্ষাটি চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। মাহমুদা আক্তার নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমি ঢাকাকে কেন্দ্র হিসেবে বেছে নিতে চাই। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র তালিকায় ঢাকা নেই। ফলে সকালে ঢাকায় চবির পরীক্ষা দিয়ে বিকেলে গিয়ে কুবির পরীক্ষায় অংশ নেওয়া কার্যত অসম্ভব।”
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন জানান, পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা আলোচনা হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসাইন সরকার বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখার কথা জানান। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকালে (বেলা ১১টা) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিকেলে (৩টা)। ফলে ভৌগোলিক সুবিধা অনুযায়ী চট্টগ্রাম বা রাজশাহী কেন্দ্রে একই শিক্ষার্থী উভয় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।”
তবে শিক্ষার্থীদের উদ্বেগকে আমলে নিচ্ছে কুবি ভর্তি পরীক্ষা কমিটি। কমিটির কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল করিম চৌধুরী বলেন, “ভর্তি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার কেবল প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। পরীক্ষা হতে এখনও প্রায় পাঁচ মাস বাকি। এই সময়ের মধ্যে সময় বা কেন্দ্রে পরিবর্তন আনা হতে পারে। শিক্ষার্থীদের সুবিধার স্বার্থে গত বছরও পরীক্ষার আগে সময় পুনর্বিন্যাস করা হয়েছিল।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ঘোষিত সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএ




Comments