Image description

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মাত্র ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতীয় গ্যাংস্টার মাইনপাল ধিল্লা। নির্ধারিত সময়ের মধ্যে হরিয়ানার একটি অভিজাত ফার্মহাউসে প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে জমকালো বিয়ের কাজ শেষ করে পুনরায় কারাগারে ফিরে গেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্যারোলের সময়সীমা শেষ হওয়ার পর নির্ধারিত রাত ৮টার মধ্যেই পুনরায় কারাগারে পৌঁছে যান ধিল্লা।

প্রতিবেদনে বলা হয়, বাহ্যিক আয়োজনের দিক থেকে বিয়েটি ছিল হরিয়ানার আর দশটি সাধারণ ফার্মহাউস উৎসবের মতোই স্বতঃস্ফূর্ত। দুপুরে প্রায় ৫ শত আমন্ত্রিত অতিথির জন্য বাহারি খাবারের আয়োজন করা হয়। এরপর স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি মেনে সম্পন্ন হয় বিয়ের প্রচলিত সব আনুষ্ঠানিকতা। তবে এই রাজকীয় আয়োজনে বর হিসেবে ধিল্লার উপস্থিতি এবং চারপাশের কড়া নিরাপত্তাই ছিল মূল আলোচনার বিষয়; কারণ কারাগারের বাইরে মাত্র ১২ ঘণ্টার একটি নির্দিষ্ট সময়সীমার চুক্তি নিয়ে তিনি এই ক্ষণিকের স্বাধীনতা উপভোগ করার সুযোগ পেয়েছিলেন।

হরিয়ানার ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা এই গ্যাংস্টার মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। সম্প্রতি বিবাহের উদ্দেশ্যে আবেদনের ভিত্তিতে তাঁকে বিশেষ শর্তে এই ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন আদালত। আদালতের নির্দেশানুসারে সময়সীমা শেষের সঙ্গে সঙ্গেই তিনি স্বেচ্ছায় কর্তৃপক্ষের হাতে ধরা দিয়ে ফের কারাবাস শুরু করেন।

ডিআর