Image description

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাসদ নেতাদের কাছ থেকে নথিপত্র ও নেতাকর্মীদের তালিকা সংগ্রহের পর তা মিলিয়ে দেখা হয়েছে। বয়োবৃদ্ধদের প্রাধান্য দিয়ে ও পরিচয় শনাক্ত হওয়া সাপেক্ষে ২৪৯ জনকে মুক্তি দেওয়া হয়। হেফাজতে থাকা অবশিষ্ট ২৯ জনের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ভবনটির নিরাপত্তার স্বার্থেই সবাইকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল এবং ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

রাজনৈতিক কর্মসূচির অনুমতি প্রসঙ্গে এই কর্মকর্তা উল্লেখ করেন, জাসদের পক্ষ থেকে সভার অনুমতির জন্য আবেদন করা হলেও নিরাপত্তা কারণে তাদের সেখানে মিটিং বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। জাসদ কার্যালয় দখলের চেষ্টার গুঞ্জন খারিজ করে তিনি স্পষ্ট করেন যে, কার্যালয়টি বর্তমানে সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে ও হেফাজতে রয়েছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে গোপন বৈঠক করছে—এমন সংবাদে যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়ের ভেতরে থাকা অন্তত আড়াই শতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যায়।

তবে জাসদ নেতৃত্বের দাবি, দলীয় কার্যালয়ে তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছিল এবং পুলিশকে আগেই এ বিষয়ে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছিল।

ডিআর