সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে 'জাতীয় ছাত্রশক্তি' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের দায়ে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
তবে বহিষ্কারের নেপথ্য কারণ স্পষ্ট করে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান জানান, “রাব্বি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের মনেও সেটা আশঙ্কা জাগে এবং এটা মনে হয়েছে এটা পুরোপুরি আমাদের সাংগঠনিক নীতি এবং সাংগঠনিক আদর্শের পরিপন্থী। সেই স আলোকেই আমাদের জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”
রাব্বি হোসেনের ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি
অন্যদিকে, বহিষ্কারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাব্বি হোসেন দাবি করেন, “শেখ হাসিনাকে আমি শুভ জন্মদিন আপা সার্কাজম হিসেবে বলেছিলাম,, আমি ২৪ এর আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং হাসিনার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আমি সরাসরি বলছি আমি হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে এবং আমি সরাসরি ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমি কখনো কোনোদিনও আওয়ামী লীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।”
ডিআর




Comments