Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জেলা নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনা পর ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নিয়ে ‘আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট খুলে নেওয়া এবং লাশের বদলে লাশ নেওয়ার’ কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ভেতরে ওসির কক্ষের সামনে ক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশ্যে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, “আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নিব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেবো।”

১৭ সেকেন্ডের এই উত্তপ্ত বক্তব্যের ভিডিওটি এনসিপির নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ও ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটা নিয়ে কথা বলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালায়। খবর পেয়ে এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা থানার ভেতরে অবস্থান নিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাতে স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিনও থানায় উপস্থিত হন।

থানার ভেতরে এই অনভিপ্রেত বক্তব্য প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, “বক্তব্যের সময় আমি ভেতরে নিজ কক্ষে ছিলাম, বাইরে তা শুনিনি। তবে দায়িত্বে থেকে থানার ভেতর এমন বক্তব্য দেওয়া কোনো ভালো চর্চা নয়। এই ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ব্যত্যয় ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এনসিপি জেলা আহ্বায়ক যুবাইর সরদার বলেন, ‘‘এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীরা অনেক বেশি উত্তেজিত ছিল। তাদের কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়; নেতাকর্মীদের শান্ত করার জন্য। পরে আমি নেতাকর্মীদের শান্ত করার জন্য এরকম বক্তব্য দেই। সেইসঙ্গে নেতাকর্মীরা শান্ত হয়।’’

ডিআর