Image description

কুষ্টিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় রাজিব কুমার ঘোষ (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত রাজিব কুমার ঘোষকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ এলাকার শ্রী জয় ঘোষের ছেলে।

​মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: ১৭(১২)২০২২, জি.আর. নম্বর-৩৪৫/২০২২। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।  যার নারী ও শিশু মামলা নম্বর- ৪৩/২০২৩ এবং শিশু সহিংসতা সংক্রান্ত নম্বর, ৫৫/২৬।

​মামলায় রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপরাধের তীব্রতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রাইব্যুনালের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম আসামিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় প্রদান করেন।

এসএ