রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মী ও হকারদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উত্তেজিত হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সাথে পুলিশ বহনকারী গাড়ি ও উচ্ছেদকাজে ব্যবহৃত একটি ভেকুতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর মোড় ও সংলগ্ন ফুটপাত এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সিটি করপোরেশনের একটি উচ্ছেদকারী দল মিরপুর ১০ নম্বরের ব্যস্ততম ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে উচ্ছেদ কাজে ব্যবহৃত ভেকুর অসাবধানতাবশত ধাক্কায় সড়কের পাশের বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং সেখান থেকে শর্টসার্কিট হয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন এবং উচ্ছেদকারী দলের সাথে সরাসরি বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে উচ্ছেদকারী দল ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে তারা সড়কের ওপর থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও ফুটপাত ভাঙার ভেকুতে ভাঙচুর চালানো হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই মিরপুর ১০ ও এর আশপাশের ব্যস্ততম এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে পুরো বন্ধ হয়ে যায়।
ডিআর




Comments