সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। কখনো ঝুম বৃষ্টি, আবার কিছুক্ষণ পরই থেমে যাচ্ছে এভাবেই চলছে বৃষ্টির খেলা। শুক্রবার সকাল ১০টায়ও রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল বৃষ্টির ধারা। তবে প্রশ্ন হলো দিনের বাকি সময়টাও কি এমন বৃষ্টিমুখর থাকবে ঢাকা?
আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন মৌসুমি বায়ু বিদায়ের সময়। এ কারণে আবহাওয়ার আচরণ কিছুটা অনিয়মিত। স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আজ দেশের কয়েকটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। আর রাজধানী ঢাকা ও ময়মনসিংহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময়ে ঢাকার আকাশে দেখা যেতে পারে মেঘ, বৃষ্টি আর রোদের লুকোচুরি। অর্থাৎ, একদিকে বৃষ্টির পরশ, অন্যদিকে হঠাৎ রোদের দেখা এমনই হতে পারে ঢাকার আজকের আবহাওয়া। এদিকে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ছিল প্রচণ্ড গরম। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজকের এই বৃষ্টির পেছনে সাগরে কোনো লঘুচাপ বা বিশেষ কোনো আবহাওয়া সিস্টেমের প্রভাব নেই। তাই ছুটির দিনে যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন, ছাতা সঙ্গে রাখাই হতে পারে বুদ্ধিমানের কাজ। ঢাকার আকাশে আজ বৃষ্টি আর রোদের এই লুকোচুরি দিন শেষে কোন রূপ নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
এসএ




Comments