প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে কেবল রূপরেখা বা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং নিজ উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে প্রধানমন্ত্রী নিজে ১ হাজার ইউনিট ব্যবহার করেছেন এবং উদ্বৃত্ত ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন। গত তিন দিনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমবায় ভবনে দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালকদের (ডিডি-এলজি) অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ সকল সরকারি ও জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি নেট মিটারিং পদ্ধতিতে অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে দেওয়ার কার্যকর ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে বাণিজ্যিকভাবে লাভজনক হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অশুভ চক্র যাতে সার্বিক আইনশৃঙ্খলা ও পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের কঠোর ও সতর্ক থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ইউএনওদের তদারকিতে পরিচালিত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের নানা সামাজিক-উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসার পাশাপাশি তাদের জন্য ঐচ্ছিক ফান্ড বরাদ্দের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি প্রস্তাব করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থ জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে ইউএনওদের জন্য বিশেষ অর্থ বরাদ্দের ব্যবস্থা করবে। জেলা প্রশাসকদের (ডিসি) মতো ইউএনওদেরও বার্ষিক সম্মেলনের আয়োজন করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন, যাতে মাঠপর্যায়ের নানা সমস্যা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা যায়।
রাজনীতি ও অভ্যন্তরীণ কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মীর শাহে আলম স্পষ্ট জানান, স্বৈরাচারী শাসনের মতো রাতের ভোট বা ডামি নির্বাচনের কোনো সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না। একই সঙ্গে সম্প্রতি মিরপুরের ঘটনায় ঢাকার উত্তরের কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি কঠোর দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিআর




Comments