Image description

ময়মনসিংহের নান্দাইলে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। পরে শনিবার (৩ অক্টোবর) তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক জাহাঙ্গীর আলম উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নান্দাইল চৌরাস্তা এলাকায় অভিযান চালায় নান্দাইল মডেল থানা পুলিশের একটি দল। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আজিজুল হক নামে এক ব্যক্তির সহযোগী হিসেবে মাদক কারবার করতেন বলেও পুলিশ জানিয়েছে। তবে এ বিষয়ে আজিজুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক সেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এসএ