Image description

 চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়।

রোববার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে জিন্নাতের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘ভবিষ্যতে বিশেষ খেলোয়াড়রা প্যারা অলিম্পিকে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন। আশা করি, তারাও পদক জিতবেন।

আমরা আগামীতে একটি সুস্থ জাতি উপহার দিতে পারি, সে জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী আমাদের এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।’

বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম ভূইয়া বলেন, ‘এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাত আমাদের দেশের গর্ব। পাকিস্তানে সাউথ এশিয়ান গেমস ও সাউথ এশিয়া উশু চ্যাম্পিয়নশিপে আমরা পদক পাব বলে আশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সব সময়ই খেলোয়াড়দের খোঁজখবর রাখেন।’

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জিতে নতুন নজির গড়েছেন জিন্নাত। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন। সিউল গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন মোশাররফ হোসেন।

এনএ