নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিনিয়োগ প্রতিষ্ঠান এমক্যাপিটাল। প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) পুঁজি, বৈশ্বিক নেটওয়ার্ক ও অভিজ্ঞতাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ১০০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
‘ডাকছে বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মের মেধা ও আধুনিক প্রযুক্তিকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনীতিতে চলমান পরিবর্তন ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে দেশের ব্যবসায়িক পরিবেশ সরাসরি পরিদর্শন ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানান।
এমক্যাপিটালের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল বিনিয়োগ ও সম্পদে রূপান্তরের উদ্দেশ্যে ১০০ কোটি মার্কিন ডলারের কাঠামোর অধীনে তিনটি বিশেষায়িত তহবিল গঠন করা হবে। এগুলো হলো—ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।
তিনি জানান, তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের আওতায় পরিচালিত হবে। পাশাপাশি থাকবে স্বাধীন উপদেষ্টা তদারকি এবং দুই বছরের লক-ইন মেয়াদ। ব্র্যাক ব্যাংক এসব তহবিলের ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে।
এমক্যাপিটাল বিশ্বের ১০০টি শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছানোর পরিকল্পনাও গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়; এটি পরিবর্তনের জন্য একটি আহ্বান। প্রবাসী বাংলাদেশিদের পুঁজি, নেটওয়ার্ক ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর এবং উচ্চমূল্যের বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করাই এই উদ্যোগের লক্ষ্য।
এমক্যাপিটাল লিমিটেড প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের পুঁজি বাংলাদেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। এমক্যাপিটালের নিবন্ধিত কার্যালয় ঢাকার বনানীতে অবস্থিত।
এনএ




Comments