দেশে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়।
নতুন ৯ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮২ হাজার ৩৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, সিটি করপোরেশন এলাকা বাদে ৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬ জন, রাজশাহীতে ১০৫ জন, ময়মনসিংহে ৯৮ জন এবং রংপুরে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।
এসএ




Comments