কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন ধরনের রাসায়নিক সার উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই সার জব্দ করে। সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ‘পুরাতন ঠোটারপাড়া নদী’ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ




Comments