দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থ ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে ব্যয় করা হবে।
সোমবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি অর্থায়ন চুক্তি বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বা প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে সংস্থাটি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।
প্রকল্পটি বাস্তবায়নে অর্থ বিভাগ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে কাজ করবে।
ইআরডির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো রোপণ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
চুক্তির আওতায় উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বাংলাদেশকে এ ফি দীর্ঘদিন ধরে মওকুফ করে আসছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরেও কমিটমেন্ট ফি মওকুফ করা হয়েছে।
ঋণটির পাঁচ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। এরপর ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। সংস্থাটির অর্থায়নে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন খাতে একাধিক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসএ




Comments