ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের নতুন স্কেলে বেতন নির্ধারণে জরুরি নির্দেশনা
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন-ভাতা নির্ধারণের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগ থেকে মহাপরিচালকের অনুমোদনক্রমে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুযায়ী বেতন-ভাতা সমন্বয় করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে জুন ২০২৬ মাসের বেতন বিবরণীসহ (পে স্লিপ) প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি আগামী ১৪ অক্টোবরের মধ্যে অর্থ ও হিসাব বিভাগে পাঠাতে বলা হয়েছে।
পিআরএল গ্রহণকারী ও অবসরগামী কর্মীদের বিষয়ে আদেশে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭-এর মধ্যে যাদের পিআরএল শেষ হবে, তাদের নতুন স্কেল অনুযায়ী চূড়ান্ত আর্থিক পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে নিষ্পত্তি করা হবে।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত নির্দেশনায় পে-ফিক্সেশন প্রক্রিয়া সহজ করতে দুটি নির্ধারিত ফরম ও পূরণ করা নমুনা কপি সংযুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে ১ম থেকে ৯ম গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন-ভাতা নির্ভুলভাবে হিসাব করে দাবি করতে পারবেন।
এনএ




Comments