মাগুরায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) ও তাঁর মা পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। গ্রেপ্তারের সময় সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশুসন্তান ছিল। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২)।
রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা) এসব তথ্য জানান।
পুলিশ জানায়, ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এবং উপপরিদর্শক মো. মেহেদী হাসানের পরিচালনায় এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে আসামিদের দেওয়া তথ্য মতে ঘরের একটি স্টিলের লকার থেকে ২০টি পলিজিপারে সংরক্ষিত ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিস্তল রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২৮৯৯৪), একটি নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আরটিআর ৩১০ সিসির মোটরসাইকেল এবং ‘বাওফেং’ ব্র্যান্ডের একটি ওয়াকিটকি সেট জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়াসংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
ডিআর




Comments