জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার পর সিঁড়ি দিয়ে ওঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি প্রশ্ন করেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে পলক এ বিষয়ে কথা বলেন।
পলক বলেন, ‘হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
তিনি বলেন, ‘যেহেতু ৬ তলা পর্যন্ত হেঁটে উঠানো হয়, মানবিক দিক বিবেচনা করে আমাদের হ্যান্ডকাফ সামনে পরানো হোক।’
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে পলক বলেন, ‘পিপির সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’
পরে আদালত থেকে নামার সময়ও লিফট ব্যবহার না করানো নিয়ে প্রশ্ন তোলেন পলক।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। দুটি লিফটের মধ্যে একটি চালু থাকা অবস্থায়ও তাদের হেঁটে নামানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তাদের হাতে থাকা হ্যান্ডকাফে জং ধরেছে এবং বুলেটপ্রুফ জ্যাকেটও খুব নোংরা। এতে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। বিষয়গুলো মানবিক দিক থেকে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, এ মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাদের আদালতে হাজির করতে পারেনি। এ কারণে আদালত এদিনের জন্য তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক এবং ২০ জন শুরু থেকেই পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তার মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।
এনএ




Comments