Image description

রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসীরাই এখন রূপ বদলে রিকশাচালক হিসেবে রাজপথে হাজির হয়েছে। এ বিষয়ে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তিনি।

শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।’

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’

ডিআর