Image description

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিমানবন্দরে সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ বিভিন্ন খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে।

প্রবাসীদের সমস্যা শুনতে সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, পৃথিবী যত দিন থাকবে, সমস্যাও তত দিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিমুক্ত ও সহজ সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ জন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের কওমি মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করা হবে।

অনুষ্ঠানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।

এনএ