Image description

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য। এ ছাড়া ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ এবং ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

পুলিশ সিজেপিকে যন্তরমন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি। নির্ধারিত সময়ের ১০ দিন আগে অনুমতির আবেদন না করা এবং আগের কর্মসূচিতে নিয়ম না মানার অভিযোগ তুলে অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে বিক্ষোভকারীরা অনুমতি ছাড়াই বিভিন্ন স্থানে জড়ো হতে পারেন—এমন আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এ ধারা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

৫৭টি মেট্রো স্টেশন বন্ধ

বিক্ষোভের এক দিন আগেই শুক্রবার থেকে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না।

৬১টি ট্রেনের যাত্রা বাতিল

বিক্ষোভ ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকারের নির্দেশনায় নয়াদিল্লি ও হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনগামী শুক্রবার ও শনিবারের মোট ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। এর মধ্যে শুক্রবারের ৪০টি এবং শনিবারের ২১টি ট্রেন রয়েছে।

বিক্ষোভ ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এনএ