ফুটবল মাঠে বিদায় নিলেও স্মৃতিতে থেকে যান কিংবদন্তিরা। লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচের ১০ নম্বর জার্সিও এবার সংরক্ষিত হলো ইতিহাসের অংশ হিসেবে। আর্জেন্টাইন মহাতারকার সেই জার্সি স্থান পেয়েছে দেশটির ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের জাদুঘরে।
মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, অসংখ্য সাফল্য এবং সমর্থকদের সঙ্গে তার আবেগের সম্পর্ক স্মরণীয় করে রাখতেই জার্সিটি সংরক্ষণ করা হয়েছে। এটি শুধু একটি জার্সি নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায়ের স্মারক।
জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটি ছিল আবেগঘন। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে তিনটি গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি।
ম্যাচের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে নিকো পাজের গোলেও অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন পাজ।
এরপর ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি। ফলে জয় দিয়েই জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন আর্জেন্টাইন তারকা।
ম্যাচ শেষে গ্যালারিজুড়ে ছিল আবেগ আর বিদায়ের বিষণ্নতা। জাতীয় দলের জার্সিতে প্রিয় তারকাকে আর দেখা যাবে না—এই অনুভূতিতে অনেক সমর্থকের চোখে পানি চলে আসে। একই সঙ্গে মেসির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড নিয়ে বিদায় নেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি।
বিদায়ী ম্যাচের পর নিজের ১০ নম্বর জার্সিটি রিভার প্লেটকে উপহার দেন মেসি। জার্সিতে ভালোবাসার বার্তাও লিখে দেন তিনি। পরে সেটি ক্লাবটির জাদুঘরে সংরক্ষণ করা হয়।
কাচের বাক্সে রাখা এই জার্সি এখন মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক। তবে জাদুঘরের বাইরে কোটি কোটি ভক্তের হৃদয়ে তার গোল, পাস ও অসাধারণ ফুটবলীয় মুহূর্তগুলো আরও দীর্ঘদিন বেঁচে থাকবে।
এসএস




Comments