মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) পুশ-ইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার ভোর পৌনে ৫টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ছয়জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। ওই ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী ছিলেন। গোপন গোয়েন্দা তথ্য এবং সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এ প্রচেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
পরবর্তী সময়ে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হলে সকাল আনুমানিক ৮টার দিকে ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএ




Comments