Image description

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অনেক বাংলাদেশি। এ নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে খোঁচা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে খোঁচা দিয়ে একটি মন্তব্য করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ভারতের নির্বাচন কমিশনের অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ ও সংহতি জানাচ্ছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন যেন ধোয়া তুলসীপাতা!’

এদিকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরেই নয়াদিল্লিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে সমাবেশের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটের আশঙ্কায় নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেলওয়ে। শুক্রবার প্রকাশিত এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন ট্রেনগুলো বাতিল করা হয়।

এনএ