তরুণ প্রজন্মের কাছে চিঠি লেখার ঐতিহ্য ও ডাক বিভাগের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা এবং ডাকটিকিটের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী’।
রোববার (১১ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো: জাকির হাসান নূর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মৌসুমী রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল শরীফ লতীফ, ঢাকা জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান এবং ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, "ডিজিটাল যুগে চিঠি লেখার আবেগ, আন্তরিকতা ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ উৎসবের অন্যতম মূল লক্ষ্য। চিঠির পাশাপাশি প্রদর্শনীতে ডাকটিকিটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঐতিহাসিক ঘটনা ও জাতীয় অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মাধ্যমে তরুণদের ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহের চর্চায় উৎসাহিত করার একটি পরিবেশ তৈরি হয়েছে।"
তারা আরও উল্লেখ করেন, "সময় বদলানোর সাথে সাথে যোগাযোগের মাধ্যম পরিবর্তিত হলেও চিঠির মানবিক আবেদন ও ডাকটিকিটের সাংস্কৃতিক মূল্য অপরিবর্তিত। এই আয়োজনটি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং ডাক বিভাগের অতীত ইতিহাস ও বর্তমান কার্যক্রম সম্পর্কে তরুণদের ইতিবাচক ধারণা প্রদান করবে।"
ডিআর




Comments