অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি: কার্যালয়ে তালা ভেঙে ঢোকার পর বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
নিয়োগ পাওয়ার দীর্ঘ ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনের ফটকে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জানা গেছে, সোমবার সকালে নতুন উপাচার্য তালা ভেঙে প্রশাসনিক ভবনের নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং অবরুদ্ধ উপাচার্যের বিরুদ্ধে উত্তাল স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা ‘তালা তালা হবে, ভিসি ভবন তালা হবে’ সহ নানা সরকারবিরোধী ও উপাচার্যবিরোধী স্লোগানে উত্তাল করে তোলেন পুরো ক্যাম্পাস।
এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
তবে এই নিয়োগ প্রত্যাখ্যান করে সাবেক উপাচার্যকে স্বস্থানে পুনর্বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে ক্যাম্পাসে জোরদার আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
দীর্ঘদিন ধরে ক্লাস, পরীক্ষা ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় প্রকৌশল শিক্ষার এই শীর্ষ বিদ্যাপীঠটিতে তীব্র সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা চালিয়া যাচ্ছেন।
ডিআর




Comments